আমার খোলা জানালা, জোনাক জ্বলা আকাশ
বাঁশবাগানের মাথার উপর একফালি চাঁদ
খোলা কলম... টেবিলে অর্ধেক লেখা কবিতা,
ঘুমন্ত শহর, মাথার ভেতর ঘুনপোকা
এই শব্দজট কাটে না... তোমাকে বলা হলো না...
রাতের ট্রেন ছোটে পৃথিবীর সমান্তরালে
এলোমেলো ভাবনারা ডানা মেলে
শব্দের পাখিরা ফেরেনা,
অভিমানে চাঁদ লুকায় সূর্যের আড়ালে
তোমাকে বলা হলো না... এই শব্দজট কাটে না
ক্লান্ত শহর জেগে ওঠে, মানুষেরা সময় বেচে হাঁটে
আমার নির্ঘুম চোখ, মন্থর দিন কেটে যায় চায়ের কাপে
একটা ঘাসফড়িং ঝুলে থাকে শালিকের ঠোঁটে
বিবর্ন দেয়ালে কেউ এসে গণতন্ত্র আঁকে
এই শব্দজট কাটে না... তোমাকে বলা হলো না...
বিকেল নামে মিছিলের মত শহরের মাথায়
সোনালী আলো খেলে প্রেয়সীর বারান্দায়
সন্ধ্যায় বাড়ি না ফিরে কেউ, ঠোঁটে তোলে সুরার পাত্র
বেলা শেষে বেঁচে থাকা এক শব্দহীন যন্ত্র
তোমাকে বলা হলো না... এই শব্দজট কাটে না
আমার শব্দজট কাটে না... তোমাকে বলা হলো না...
কবিতারা ফিরে আসুক তোমার মত করে
ঘুম আসুক আমার ক্লান্ত চোখে।






0 Comments