বিরতি

Sep 12, 2026 | কবিতা | 0 comments

আমার ঘুম কাতুরে সন্ধ্যে কেটে গেলো বিমর্ষতায়
আজ বৃষ্টি হয়নি-
শুয়ে থেকে মেঘ গুনলাম ছয় হাজার ছাব্বিশটা

বিছানার পাশে জানালা দিয়ে সন্ধ্যের আগের নিভু নিভু আলো দেখলাম কিছুক্ষন
কেউ এসে বললো না, এই অবেলায় শুয়ে আছো কেনো? শরীর খারাপ করবে!
মন খারাপের বিকেলগুলোতে কোন সঙ্গী থাকে না।
মনের খবর রাখার লোক নেই, শরীর দিয়ে কি হবে?

তুমি একদিন জিজ্ঞেস করেছিলে, ভালোবাসি কিনা?
আমি হেসেছিলাম।
আমার বুকের উপর থেকে মাথা তুলে তুমি খুব অবাক হয়ে চেয়েছিলে
সেখানে রাগ বা ঘৃণা নয়, ছিল অপার বিস্ময়।

এত কাছে থেকেও কিভাবে নির্লিপ্ত থাকি আমি, তুমি সেটা বুঝতে পারোনি।
যা কিছু আমরা বুঝতে পারিনা, তাতে আমাদের ভয় হয়।
আমরা তাকে ঈশ্বরের মর্যাদায় তুলে আনি।
তুমি আমাকে হারানোর ভয় পেয়েছিলে।

আমি কিন্তু পুজো চাইনি, অথবা কোমল প্রার্থনা
আমি মহাপুরুষ নই, তবু জগতের মোহ আমাকে কামাতুর করে না।
শুধু চেয়েছিলাম কেউ একজন অন্ধকারে হাত ধরুক,
বিষন্নতায় কেউ এসে বলুক, তোমাকে এক কাপ চা করে দেই?

যখন সব পাওয়া হয়ে যায়, তখন প্রিয় খেলনাটাও ভেঙে ফেলে শিশুরা
মাটিরও যে আত্মা আছে ভুলে যায় মানব শিশু।
আমাকে একতাল কাদামাটি ভেবে যে পুতুল তুমি গড়েছিলে
তাকে ভেঙে ফেলার লোভ তোমার আজন্ম রয়ে গেছে।

আমি ঘৃণা করতে শিখিনি, কথার জবাবে গোলকধাঁধায় ঘুরে বেড়াতে ভালো লাগে না।
খুব সহজ ভাষায় তাই মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারিনি সেদিন।

মানুষের ভালোবাসা প্রতিদিন বদলায়, আমাদের মত করে
আজকে যাকে "ভালোবাসি" বলেছি - তার কাছে আজন্ম বাঁধা পড়াতে আমার আপত্তি আছে।
মোহ আর মায়া থেকে যে প্রেম আসে, যা শরীরের প্রতিটি রোমকূপ শিহরিত করে নামে
আমি এই ভালোবাসা থেকে বিরতি নিলাম।

-------
ঢাকা
১২ই সেপ্টেম্বর, ২০২৬

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This