প্রত্যাখ্যান

Sep 29, 2026 | কবিতা | 0 comments

তোমাকে সামলানো আর একটা রাজনৈতিক দল সামলানো একই কথা
ক্ষেত্রবিশেষে একটা পুরো দেশ সামলে নিতে পারব আমি সেই শ্রমে
আমাকে প্রধানমন্ত্রী করা হোক,
আমি অভিজ্ঞতা, সুচারু রণকৌশল এবং কূটনীতি দিয়ে সবাইকে ধরাশায়ী করে দেব-
তবুও বলি- তোমাকে সামলানো কঠিন।

তোমার আগুন কন্ঠে ফাগুন নিষ্প্রভ হয়ে গেলে শীতের কি দোষ?
বর্ষা এবার শহরের ছাদ না ভিজিয়ে চলে যাবে উত্তরে
দক্ষিণে পাড়ি জমাবে গলির মোড়ের বখাটেরা
তোমাকে সামলানো কঠিন।

আমার মনে হয় কলম্বাস ঘর ছেড়েছিল বিখ্যাত হতে নয়
মার্কো পোলো ভেনিস ছেড়েছিল নতুন সুখের খোঁজে
ভ্যাসকো দা গামা ঘর ছেড়ে নতুন পথ খুঁজে নিয়েছে গভীর সমুদ্রে।
তবুও বলব তোমাকে তারা খুঁজে পায়নি
পেলে বুঝত, নতুন দেশ আবিষ্কারের থেকে -
প্রেমিকা সামলানো কঠিন।

তোমার উষর ভূমিতে ফুল ফোটে না, সেখানে বারুদের চাষাবাদ হয়
ওষ্ঠে থাকে না ম্রিয়মাণ লাজুক হাসি
গ্রীবায় খেলে না আমন্ত্রণ, হাতে নেই পেলবতা
তুমি 'কালবৈশেখির' রুদ্র তান্ডব অস্তিত্ব জুড়ে
তোমাকে বাগে আনা কঠিন।

আমি দরকারে হিমালয় পাড়ি দেব, মরুভূমি চষে খুঁজে বেড়াবো ওয়েসিস
কৈলাশে গিয়ে ধ্যানে বসে যাবো ছাব্বিশ বসন্তের জন্য
বরফেও একদিন ফুল ফুটবে, আগুন নিভু নিভু হবে ভিসুভিয়াসের
শুধু তোমার প্রেমে পড়া সম্ভব নয়।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This