কত সহজেই
আমাদের জন্য সন্ধ্যায় কেউ অপেক্ষা করে নেই
রাত জেগে কেউ দরজা পাহারা দেবে না।
কত সহজেই আমরা অপরিচিত হয়ে গেলাম!
আমাদের জন্য সন্ধ্যায় কেউ অপেক্ষা করে নেই
রাত জেগে কেউ দরজা পাহারা দেবে না।
কত সহজেই আমরা অপরিচিত হয়ে গেলাম!
দেখা হবে বলে বর্ষায় ভিজেছি বোগেনভিলিয়ার নিচে
আরেকটু পথ পেরুলেই একটা সাদা গোলাপ কেনার টাকা জমিয়ে ফেলব।
কর্পদকশুন্য প্রেমিকের শুধু এক কাপ আগুন গরম চা হলেই চলবে
উড়ে যাক বিকেল, আমি শুধু কিছুক্ষন তোমার পাশে দাঁড়িয়ে থাকতে চাই।
অনেকদিন মাটির ঘ্রান পাইনা বুক ভরে
বিশ তলার উপর ঝুলে পড়া কালো মেঘ নেই, ধুলোর শহরে কাদার বিরক্তি অনুপস্থিত
মানুষেরা পরিপাটি হয়ে মিথ্যে বলে বেড়াচ্ছে মঞ্চে আর মিছিলে -
নিশ্চিত কোথাও একটা গন্ডগোল বেঁধেছে।
আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ!!
আমার হয়ে সময়টুকু পৃথিবীকে দেয়ার জন্য কৃতজ্ঞতা
আমার রোগ, শোক আর গল্পে,
মায়া, প্রেম আর জ্বরায়, এই বিপুলা ধরায়
ঘৃণা আর উত্থানে, পাপে আর ক্ষুধায় - তোমাকে ধন্যবাদ।
কিশোরীর মন খারাপ বিকেলের মত আকাশ পানে চেয়ে সংসারী বাউল পথিক হয়
বেহালায় দীর্ঘ সুর ওঠে, পুরনো শহরের গলি আর গোপন দেয়ালে দেয়ালে-
শ্যাওলা জমে কাঁচা হাতের লেখা মলিন হতে থাকে।
যারা পথে-ঘাটে ধর্মের কথা বলে, লোভ দেখায় ইন্দ্রজিতের আর ঈষৎ বৃহৎ ইমারতের
তারা অনবরত উলঙ্গ হয়।
তাদের অদ্ভুত শরীর তারা সফেদ কাপড়ে ঢাকার আপ্রান চেষ্টায় থাকে
তবু তাদের বারবার ন্যাংটো হতে হয়।
এক মাতাল তরুণী একবার আমাকে বলেছিল ভালোবাসা বলে কিছু নেই
যা কিছু মর্ত্যের সব কিছু ঐ নোনা স্বাদের জন্য, জিহ্বার আস্ফালন আর ক্লান্ত শরীর
আমি নোংরা বলে তাকে তাড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম ধর্মত তুমি অপবিত্র
অথচ মাতালেরা মিথ্যে বলে না।
সেদিন আমি পাপের ভয়ে সত্য ঠোঁটে ছোয়াই নি।
এখন দিনভর মিথ্যে মানুষদের মাঝে বাস করি।
আমি কোন শোকবার্তা পড়িনি, কোন বিলাপ ছিলনা শেষকৃত্যে
বিদায় বেলা তাকে শুধু একটা হলুদ গোলাপ দিয়েছি।
জানিয়েছি, আমাদের খুব দীর্ঘ জীবন আর ভাল সময় কেটেছে
আমরা পরস্পরকে আলিঙ্গন করলাম আর মদের পাত্র হাতে নিয়ে বললাম - "যাত্রা শুভ হোক"।
একটা দিন নির্বিঘ্ন চেয়েছিলাম আকাশের কাছে
মুষলধারে বৃষ্টি হোক অবিরাম
আমি দ্বিতীয় দিনের জন্য বাঁচি না
আমার কোন আগামীকাল নেই,
নেই গতকাল আর পরশু-
আমার বর্তমান এই উজ্জ্বল রোদে পুড়ে সোনা হোক।
আমি খুব মন খারাপ করে আবার সিংহাসনে ফিরে গেলাম।
এরপর একদল দো'পেয়ে জানোয়ার মিছিল করে আসল আমার রাজ্যে
ওরা ইশ্বরের নামে পশুবলি দিতে চায়
আমি নিশ্চুপ থাকলাম, মানুষের রাজ্যের হিসেব খুব বুঝিনা।
এরাই যদি মানুষ হয় তবে হাজার বছর ধরে আমি কাদের খুঁজেছি?