মানুষেরা সব গেছে বসন্ত উৎসবে
অথচ হলুদ লালের শিমুল আর পলাশেরা নির্বাসনে
নিশ্চিত কোথাও একটা ভুল হয়েছে।
অনেকদিন মাটির ঘ্রান পাইনা বুক ভরে
বিশ তলার উপর ঝুলে পড়া কালো মেঘ নেই, ধুলোর শহরে কাদার বিরক্তি অনুপস্থিত
মানুষেরা পরিপাটি হয়ে মিথ্যে বলে বেড়াচ্ছে মঞ্চে আর মিছিলে –
নিশ্চিত কোথাও একটা গন্ডগোল বেঁধেছে।
দালানের ফাঁকে দুটো চড়ুই আবর্জনা থেকে খাবার খুঁটে খাচ্ছে
শালিকেরা ইতিউতি চায়, কাকেদের খুব আলস্য
বাসন্তী রঙের মেঘ জমে থাকা চাতক চোখ, হাতঘড়িতে প্রিয়তমা সময় উড়ে যায়
যে মানুষটা একলা দাঁড়িয়ে আছে তার শাড়ি এলেমেলো হয়ে যায় বাতাসে-
নিশ্চিত কারো আসতে দেরি হয়েছে।
অভিমানে দুটো কুকুর ফুটপাতে লেজ গুটিয়ে অলস সময় কাটায়
আমাদের উৎসব আজ প্রকৃতির তা মনে নেই,
লাল হলুদের বন্যা নেই, মানুষের উৎসব কাগুজে আর মিথ্যে হয়ে গেছে গান-
নিশ্চিত কোথাও একটা ভুল হয়েছে।






0 Comments